নীলফামারীর সৈয়দপুরে স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর পঞ্চম শ্রেণিপড়ুয়া মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে শহরের ওয়াপদা মোড় গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আরিফুল ইসলাম সৈয়দপুরের ওয়াপদা নয়াহাট দোলাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর মেয়ে সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সুপ্তির মা ওই বিদ্যালয়েরই শিক্ষিকা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর মেয়েকে মোটরসাইকেলে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন আরিফুল। পথে ওয়াপদা মোড়ের গোলচত্বর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি মোটরসাইকেলসহ আরিফুলকে প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মাথা পিষ্ট হয়ে মৃত্যু হয়। গুরুতর আহত হয় মেয়ে সুপ্তি।পরে স্থানীয় লোকজন সুপ্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ঘাতক বাসচালককে দ্রুত গ্রেপ্তার, ব্যস্ততম সড়কটিতে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং গোলচত্বরে টাঙানো ব্যানার অপসারণের দাবি জানান।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোলচত্বরটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢেকে থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠিকমতো দেখা যায় না। তাঁদের দাবি, এ পরিস্থিতি দুর্ঘটনার অন্যতম কারণ।অবরোধের ফলে রংপুর, দিনাজপুর ও নীলফামারীগামী গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা এলাকাবাসীর দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।