সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। বৃহস্পতিবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনুর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইটটি দাম্মামের উদ্দেশে ছেড়ে গেছে।ফ্লাইট পরিচালনার অনুমতি ছিল কি না, এমন প্রশ্নের জবাবে শাহনুর আহমেদ বলেন, ‘অনুমতি ছিল বিধায় ফ্লাই করেছে। অনুমতি না থাকলে তো আর ফ্লাই করত না।’এর আগে বুধবার সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হওয়ার তথ্য জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)। সংস্থাটি জানায়, আহত ব্যক্তিদের কারও আঘাত সামান্য, কারও গুরুতর। তাঁদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।একই দিন সৌদি আরবের আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে আসা ড্রোন প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হন।ইরান-সমর্থিত হুথি ও পশ্চিমা-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।সৌদি আরবে ফ্লাইট পরিচালনায় নতুন সূচিসৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ও ট্রানজিট রুটের একাধিক ফ্লাইট বাতিল করা হয়। গত বুধবার পর্যন্ত ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছিল। এতে ২০ হাজারের বেশি যাত্রী আটকা পড়েন।এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার বিষয়ে নতুন সূচি জানিয়েছে।বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।বিমান কর্তৃপক্ষ জানায়, দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে আবার চালু হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনার সূচি রয়েছে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে বিমান।অন্যদিকে মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে নিয়মিত চলছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সৌদি আরবগামী এসব রুটের ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।