জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি, হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কিন বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনাও ঘটেছে। তবে এসব দাবির স্বাধীন বা নিরপেক্ষ কোনো যাচাই এখন পর্যন্ত পাওয়া যায়নি।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, ইরানের কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন হামলায় একই পরিবারের বাবা-মা ও এক শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে।আইআরজিসির বিবৃতিতে বলা হয়, হামলায় আল-আজরাক বিমানঘাঁটির একটি রানওয়ে এবং একটি রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তাদের দাবি, এতে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও তিনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ছাড়া হামলায় মার্কিন কয়েকজন কর্মকর্তা এবং বিমানঘাঁটির কারিগরি ও রক্ষণাবেক্ষণ দলের সদস্য নিহত হয়েছেন বলেও দাবি করেছে আইআরজিসি। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, ‘শিশুহত্যাকারী যে বাহিনী মাঝরাতে ঘুমন্ত নিরপরাধ পরিবারগুলোকে হত্যা করে, তাদের জন্য এই অঞ্চলে কোনো জায়গা নেই।’ সংগঠনটি এই হামলাকে অঞ্চল থেকে মার্কিন উপস্থিতি অপসারণের বৃহত্তর সংগ্রামের অংশ হিসেবেও উল্লেখ করেছে।আইআরজিসির উত্থাপিত ক্ষয়ক্ষতি ও হতাহতের দাবিগুলো এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: ফার্স নিউজ এজেন্সি (ইরান)।