মৌলভীবাজারের কুলাউড়ার আলীনগর সীমান্তে বিএসএফের গুলিতে তারা মিয়া (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে সীমান্তের ১৮৪৫-এর ৬৩ এস পিলারের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া
কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
বিজিবি জানিয়েছে, ভোর রাতে তারা
মিয়াসহ ৪ থেকে ৫
জনের একটি চোরাকারবারি দল
আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর
সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে
প্রবেশ করে। তারা সীমান্তের
আনুমানিক ৫০০ গজ ভেতরে
মাগুরুলী এলাকায় গেলে সেখানে ১৯৯
ব্যাটালিয়ন বিএসএফের মাগুরুলী ক্যাম্পের সদস্যরা গুলি করেন। এতে
ঘটনাস্থলেই তারা মিয়া নিহত
হন।
বিজিবির তথ্য অনুযায়ী, গুলির
পর দলের অন্য সদস্যরা
বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এসে আত্মগোপন
করেন।
বিজিবি আরও জানিয়েছে, নিহত
তারা মিয়া আগে থেকেই
চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। কুলাউড়া
থানায় তাঁর নামে মামলা
রয়েছে বলেও জানিয়েছে সীমান্তরক্ষী
বাহিনী।
শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বিএসএফ নিহতের লাশ নিয়ে গেছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।