বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন বর্তমান সরকারের দায়িত্ব। তিনি বলেন, জনগণের প্রত্যাশার বিপরীতে কোনো সিদ্ধান্ত নিলে তার পরিণতি জনগণই নির্ধারণ করবে।রোববার বিকেলে গাজীপুর মহানগরের সাগর সৈকত কনভেনশন হলে ‘গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে’ আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মামুনুল হক বলেন, জুলাই সনদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর দাবি নয়; এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তাঁর ভাষ্য, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের রায় বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি দাবি করেন, জনগণের মতামত উপেক্ষা করে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।বক্তব্যে তিনি ১৯৭২ সালের সংবিধান নিয়েও সমালোচনা করেন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের আন্দোলন হিসেবে উল্লেখ করেন।সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দ্রুত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, এ দাবিতে বিলম্ব হলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে।