ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
City News

নওগাঁয় সিজারের পর নবজাতক নিখোঁজ, তদন্তে মিলল না যমজের প্রমাণ

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগে নতুন মোড় এসেছে। জেলা সিভিল সার্জনের গঠিত তদন্ত কমিটি বলছে, প্রসূতি শান্তনা আক্তারের গর্ভে যমজ সন্তান থাকার পক্ষে নির্ভরযোগ্য আল্ট্রাসনোগ্রাফিক প্রমাণ পাওয়া যায়নি। বরং পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন ও সংযুক্ত ছবি বিশ্লেষণ করে কমিটির ধারণা, তাঁর গর্ভে একটি সন্তানই ছিল। এতে নবজাতক চুরির অভিযোগের ভিত্তি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।গত শনিবার (১৪ নভেম্বর) জেলা সিভিল সার্জনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় পাঁচ সদস্যের কমিটি। নওগাঁ মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শরীফ চৌধুরী কমিটির প্রধান ছিলেন।তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট চিকিৎসক, অস্ত্রোপচার দলের সদস্য, রোগীর স্বজন এবং আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞদের বক্তব্য নেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সময় করা আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদন ও সেগুলোর সঙ্গে থাকা ছবিও পর্যালোচনা করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহ করা আল্ট্রাসনোগ্রামের ছবিতে একই সময়ে দুটি শিশুর মাথা, হৃদ্‌পিণ্ড কিংবা পেটের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। ফলে গর্ভে যমজ সন্তান থাকার দাবির পক্ষে প্রয়োজনীয় চিত্রগত প্রমাণ মেলেনি। কমিটির মতে, পরবর্তী দুটি আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ সন্তানের উল্লেখ ভুল হয়ে থাকতে পারে।তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, আল্ট্রাসনোগ্রাম শতভাগ নিশ্চিত কোনো পরীক্ষা নয়। গর্ভকাল বাড়ার সঙ্গে সঙ্গে গর্ভে এক নাকি একাধিক সন্তান রয়েছে, তা নির্ধারণে ভুলের আশঙ্কা থাকতে পারে।গত ২১ অক্টোবরের একটি আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ সন্তানের কথা উল্লেখ করা হয়েছিল। সেখানে একটি শিশুর আনুমানিক ওজন ২ কেজি ৩৩১ গ্রাম এবং অন্যটির ২ কেজি ৪৮৬ গ্রাম দেখানো হয়। তবে অস্ত্রোপচারের পর জন্ম নেওয়া নবজাতকের ওজন পাওয়া যায় ৩ কেজি ৭০০ গ্রাম। তদন্ত কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, এই ওজন একটি শিশুর স্বাভাবিক ওজনের মধ্যেই পড়ে।এ ছাড়া আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদন সরবরাহের রেজিস্টারেও যমজ সন্তানের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় অভিজ্ঞ আল্ট্রাসনোগ্রাফি ও রেডিওলজি বিশেষজ্ঞ ডা. এ এস রেজাউল মাহমুদও এ বিষয়ে তদন্ত কমিটিকে একই ধরনের মত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।অস্ত্রোপচারের আগে রোগীকে যথাযথভাবে বোঝানো হয়নিতদন্ত কমিটি বলেছে, অস্ত্রোপচারের আগে রোগী ও তাঁর স্বজনদের আল্ট্রাসনোগ্রামের প্রতিবেদন সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু অস্ত্রোপচারকারী সার্জন ও সংশ্লিষ্ট দল তা করেনি।একটি আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে একটি সন্তান এবং অন্য দুটি প্রতিবেদনে যমজ সন্তানের কথা উল্লেখ থাকায় বিষয়টি আরও সতর্কতার সঙ্গে ব্যাখ্যা করা উচিত ছিল। বিশেষ করে অস্ত্রোপচারের আগে সম্ভাব্য জটিলতা ও প্রতিবেদনগুলোর মধ্যে পার্থক্য রোগী ও স্বজনদের জানানো প্রয়োজন ছিল বলে মনে করেছে কমিটি।যেভাবে শুরু নবজাতক চুরির অভিযোগঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর। নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুলের মেয়ে শান্তনা আক্তারকে সন্তান প্রসবের জন্য শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল পাঁচটার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি মেয়ে নবজাতকের জন্ম হয়।তবে এর আগে করা আল্ট্রাসনোগ্রাম প্রতিবেদনে যমজ সন্তানের কথা উল্লেখ থাকায় সন্তান জন্মের পর পরিবারের মধ্যে সন্দেহ তৈরি হয়। স্বজনদের দাবি, তাঁদের জানানো হয়েছিল, শান্তনার গর্ভে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু অস্ত্রোপচারের পর তাঁদের হাতে একটি মেয়ে নবজাতক তুলে দেওয়া হয়।এরপর যমজ সন্তান থাকার পরও অন্য নবজাতকটি কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তোলেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে নবজাতকের বাবা শান্ত ইসলাম ন্যায়বিচারের দাবিতে নওগাঁ সদর থানায় মামলা করেন।মামলায় বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক, অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. ইসকেন্দার হোসেন এবং অস্ত্রোপচারকারী সার্জন ডা. মাহফুজা খাতুনসহ আটজনকে আসামি করা হয়।বগুড়ায় ছেলে নবজাতক উদ্ধার, ডিএনএ পরীক্ষার উদ্যোগএ ঘটনার মধ্যে গত ১২ নভেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে ৭ থেকে ৮ দিন বয়সী একটি ছেলে নবজাতকসহ মলিনা (৪০) নামের এক নারীকে আটক করে পুলিশ। ওই নারী দাবি করেন, তাঁরা শিশুটিকে দত্তক নিয়েছেন।অন্যদিকে বগুড়ার আলবারাকা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. বিপুল জানান, গত ৫ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে তাঁদের প্রতিষ্ঠানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে নবজাতকের জন্ম হয়। তবে শিশুটিকে দত্তক দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না। পরে এ নিয়ে জটিলতার কথা শুনেছেন বলে জানান তিনি।উদ্ধার হওয়া নবজাতকটি নওগাঁর বলাকা ক্লিনিক থেকে কথিত নিখোঁজ হওয়া শিশু কি না, তা এখনো নিশ্চিত নয়।ক্লিনিক মালিকের দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টাবলাকা ক্লিনিকের মালিক এনামুল হক বলেন, তাঁর ক্লিনিকের অস্ত্রোপচারকক্ষ ভাড়া নিয়ে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়েছিল। সেখানে একটি নবজাতকের জন্ম হয় এবং এ-সংক্রান্ত সব প্রমাণ সংরক্ষিত রয়েছে। তাঁর দাবি, ক্লিনিকে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি।তিনি আরও বলেন, তাঁকে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। ক্লিনিকের সুনাম ক্ষুণ্ন করতে একটি গোষ্ঠী প্রকৃত ঘটনা আড়াল করে পরিকল্পিতভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তদন্ত কমিটির প্রতিবেদনেও বিষয়টি প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি।এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বগুড়া থেকে উদ্ধার হওয়া নবজাতকটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ করা শিশুটি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

নওগাঁয় সিজারের পর নবজাতক নিখোঁজ, তদন্তে মিলল না যমজের প্রমাণ