নতুন পে স্কেল কার্যকর ১ জুলাই থেকে, সুবিধার বাইরে পুলিশ-বিজিবি
সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এই বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। তবে সব সরকারি কর্মচারী এই বেতনস্কেলের সুবিধা পাবেন না। গেজেটে নির্দিষ্ট কয়েকটি শ্রেণির কর্মচারীকে এর আওতার বাইরে রাখা হয়েছে।সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে অর্থ মন্ত্রণালয় ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর পরিবর্তে নতুন বেতনস্কেল কার্যকর করা হয়েছে।কারা নতুন পে স্কেলের বাইরেগেজেট অনুযায়ী, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিরা নতুন বেতনস্কেলের আওতায় থাকবেন না। একইভাবে প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারী ছাড়া প্রতিরক্ষা সার্ভিসের কর্মচারীরাও এর বাইরে থাকবেন।পুলিশ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মচারীদের ক্ষেত্রেও জাতীয় বেতনস্কেল, ২০২৬ প্রযোজ্য হবে না।এ ছাড়া রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের নির্দিষ্ট শ্রেণির শ্রমিক, শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থী, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তি, দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিক এবং চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন কর্মীরাও নতুন বেতনস্কেলের সুবিধা পাবেন না।দুই ধাপে বাড়বে বেতননতুন পে স্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।গেজেট অনুযায়ী, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মচারীদের ক্ষেত্রে নতুন বেতন ও ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য বেতনের পার্থক্যের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ৫০ শতাংশ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে।দ্বিতীয় ধাপে, ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এই হার যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ হবে। এরপর ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক বেতনবৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ নতুন বেতনস্কেল অনুযায়ী মূল বেতন শতভাগ কার্যকর হবে।গেজেট প্রকাশের আগের বেতনও বকেয়ানতুন পে স্কেল ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও এর গেজেট প্রকাশ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর। ফলে ১ জুলাই থেকে গেজেট প্রকাশের আগ পর্যন্ত সময়ের প্রাপ্য অর্থ বকেয়া হিসেবে দেওয়ার বিধান রাখা হয়েছে।তবে এ সময়ের বকেয়া অর্থ থেকে কর্মচারীরা আগে পাওয়া বিশেষ সুবিধার অর্থ সমন্বয় করা হবে।পেনশনেও ধাপে ধাপে বাড়তি সুবিধানতুন পে স্কেলের আওতায় পেনশনভোগীদের জন্যও বর্ধিত সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।২০ হাজার ১ টাকা বা তার বেশি বিদ্যমান নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির ৪০ শতাংশ এবং ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির ৫০ শতাংশ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেওয়া হবে।পরবর্তী ছয় মাসে এই হার হবে যথাক্রমে ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ। ১ জুলাই ২০২৭ থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী পূর্ণ হারে নিট পেনশন কার্যকর হবে।অবসরপ্রাপ্ত ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও ১ জুলাই ২০২৬ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত সময়ের বকেয়া নিট পেনশন পাবেন।