ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
City News

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ১০ দিনের স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্প

চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিদের নিয়ে ১০ দিনব্যাপী ‘প্রি-কলেজ স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং ক্যাম্প (পিসিএসডি) ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ বিভাগের উদ্যোগে গত ২১ থেকে ৩০ আগস্ট গাজীপুরের একটি মিলনায়তনে এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহীর পরিচালনায় আয়োজিত এবারের ক্যাম্পের প্রতিপাদ্য ছিল ‘সততা ও দূরদর্শিতায় ভবিষ্যৎ নেতৃত্বকে শক্তিশালী করা’।সোমবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ জীবনের বৃহত্তর শিক্ষাঙ্গণে প্রবেশের আগে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক, ভাষাগত ও প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।প্রশিক্ষণ ক্যাম্পে প্রতিদিন ইংরেজি ও কম্পিউটারের ওপর মোট ৪০টি ক্লাস নেওয়া হয়। এর পাশাপাশি কোরআন তিলাওয়াত, বিষয়ভিত্তিক স্টাডি সেশন, মোটিভেশনাল ক্লাস ও ইনোভেটিভ গেমসের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।সমাপনীসহ বিভিন্ন সেশনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি আত্মশুদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বলেন, আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত ও একাডেমিক দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মিক পবিত্রতা ও স্রষ্টার সঙ্গে গভীর সম্পর্ক ছাড়া প্রকৃত সফলতা অর্জন সম্ভব নয়।তিনি বলেন, একজন আদর্শ ভবিষ্যৎ নেতৃত্বের মধ্যে সঠিক চরিত্র ও সঠিক দিকনির্দেশনার সমন্বয় প্রয়োজন।ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের জীবনের একটি গৌরবময় মাইলফলক হলেও এটি চূড়ান্ত গন্তব্য নয়।‘সততা ও দূরদর্শিতায় ভবিষ্যৎ নেতৃত্বকে শক্তিশালী করা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জ্ঞান, দক্ষতা ও নৈতিক দৃঢ়তার সমন্বয় ঘটানোর আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, আগামীর ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের সৎ ও যোগ্য নেতৃত্বের দায়িত্ব পালন করতে হবে।ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইন বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। দেশের মানবসম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সময়ের ব্যাপার মাত্র। এ ছাড়া বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, রাশেদুল ইসলাম এমপি ও জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ১০ দিনের স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্প