ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
City News

স্বর্ণ ব্যবসায়ী ও ছেলেকে মারধর, রুপা-টাকাসহ ছিনতাইয়ের অভিযোগ

মানিকগঞ্জ সদর উপজেলার ভারাড়িয়া ইউনিয়নের পূর্ব সানবান্দা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ছেলেকে মারধর করে রুপা, স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁদের সহায়তা করতে গিয়ে আরও একজন আহত হয়েছেন।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব সানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরসংলগ্ন ইট সোলিং সড়কে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীরা হলেন পূর্ব সানবান্দা বাজারের স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল (৭৩) ও তাঁর ছেলে প্রবীর কুমার শীল (৩২)। তাঁদের সহায়তা করতে গিয়ে আহত হন একই এলাকার মনোরঞ্জন পাল (৫০)।পতিত পবন শীল ও তাঁর পরিবারের সদস্যদের দাবি, রাতে বাড়ির দিকে যাওয়ার সময় বাড়ির কিছুটা আগে কয়েকজন ব্যক্তি তাঁদের পথরোধ করেন। এরপর তাঁদের মারধর করে সঙ্গে থাকা প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণ ও ৮৫ হাজার টাকা নিয়ে যান।পতিত পবন শীলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে রড বা শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁদের সহায়তা করতে এগিয়ে গেলে মনোরঞ্জন পালও আহত হন।ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। ইটের দুই অংশের মাঝ থেকে খোসাটি পাওয়া যায়। তবে সেখানে গুলি চালানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ভুক্তভোগীরা চারজনকে দেখেছেন বলে দাবি করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থলে চারজনের উপস্থিতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পায়নি। এ ছাড়া ঘটনার শুরুতে পুলিশকে দেওয়া তথ্যের সঙ্গে পরবর্তী বক্তব্যে কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাঈদ বলেন, ‘ঘটনার শুরুতে ভুক্তভোগীরা পুলিশকে যে তথ্য দিয়েছিলেন, পরবর্তী সময়ে তাঁদের বক্তব্যে কিছু অসংগতি পাওয়া গেছে। এ কারণে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা নয়, ছিনতাই হয়ে থাকতে পারে বলে ধারণা করছি।’ তিনি আরও বলেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত ঘটনা ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

স্বর্ণ ব্যবসায়ী ও ছেলেকে মারধর, রুপা-টাকাসহ ছিনতাইয়ের অভিযোগ