ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
City News

দারাজের বিরুদ্ধে মাদক মামলা, সরবরাহকারী গ্রেপ্তার

ডিজিটাল প্ল্যাটফর্মে মাদক কেনাবেচার অভিযোগে বহুল প্রচলিত ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।সোমবার রাজধানীর বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মামলাটি করা হয়। এর আগে রোববার বিকেলে অভিযান চালিয়ে দারাজের পণ্য সরবরাহকারী আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সম্প্রতি সংশোধিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাইবার স্পেস বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ, প্রচার ও লেনদেনের বিষয়টি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশোধিত আইনের আওতায় এটিই প্রথম মামলা বলে তাঁরা জানান।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬)-এর ৩৬-এর ‘ক’ ধারায় বলা হয়েছে, সাইবার স্পেস বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মাদকদ্রব্য বা সাইকোঅ্যাকটিভ সাবস্টেন্স অবৈধভাবে কেনাবেচা, সরবরাহ, প্রস্তাব, প্রচার বা লেনদেনে যুক্ত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং অনূর্ধ্ব ২০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।দারাজের পণ্য সরবরাহকারী গ্রেপ্তারমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা অঞ্চলের উপপরিচালক মেহেদী হাসান জানান, দারাজে বিক্রি হওয়া একটি পণ্যে মাদক পাওয়ার পর সংশ্লিষ্ট পণ্য সরবরাহকারীর কারখানায় অভিযান চালানো হয়।রোববার বিকেলে বাড্ডার সাঁতারকুল এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিবিটি অয়েল ও এ-সংক্রান্ত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক ও দারাজের পণ্য সরবরাহকারী আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, আনিসুর রহমান দীর্ঘদিন জাপানে ছিলেন। সেখানে তিনি গাঁজার তরল উপাদান ব্যবহার করে বিশেষ ধরনের তেল তৈরির কৌশল শেখেন। পরে দেশে ফিরে সুগন্ধি সাবান তৈরির আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।অনলাইন প্ল্যাটফর্মে নজরদারিমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হাসান মারুফ বলেন, সরকার মাদকের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে। এ কারণে সংশোধিত আইনে সাইবার স্পেসে মাদক কেনাবেচার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।তিনি বলেন, দারাজ ছাড়াও সন্দেহজনক বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের ওপর নজরদারি চলছে।মামলার তদন্তে দারাজের সংশ্লিষ্টতা ও অনলাইন প্ল্যাটফর্মে মাদক কেনাবেচার অভিযোগের বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দারাজের বিরুদ্ধে মাদক মামলা, সরবরাহকারী গ্রেপ্তার