ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
City News

নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিক দল নেতার মাটিচাপা লাশ উদ্ধার

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামের এক শ্রমিক দল নেতার মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।রাসেল উপজেলার সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। তিনি নোয়াখলা ইউনিয়ন শ্রমিক দলের নেতা ছিলেন।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর মধ্যে গত ৬ নভেম্বর রাতে মুক্তা ফোন করে রাসেলকে তাঁর বাবার বাড়িতে যেতে বলেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।এ ঘটনায় গত ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, রাসেল নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান।পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান। বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ায় তাঁদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান তাঁরা। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।রাসেলের বাবা সিরাজুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।স্থানীয় বাসিন্দাদের ধারণা, পারিবারিক বিরোধের জেরে রাসেলকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে ঘরের ভেতরে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। তবে হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, জিডির সূত্র ধরে বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে রাসেলের শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ির ঘর থেকে শ্রমিক দল নেতার মাটিচাপা লাশ উদ্ধার