ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
City News

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর

গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।তিনি বলেন, রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়ার পাশাপাশি জাতীয় সংসদে এসে সংকট সমাধানে সুনির্দিষ্ট ও কার্যকর পরামর্শ দেওয়া প্রয়োজন।শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।‘বিকল্প প্রস্তাবও দিতে হবে’বিরোধী দলের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি দেওয়া যেতে পারে। তবে এর পাশাপাশি সংকট সমাধানের বিকল্প প্রস্তাবও দিতে হবে।তিনি বলেন, ‘আপনারা গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করবেন বা নানা কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু পাশাপাশি একটি বিকল্প প্রস্তাবও দিন, আমরা কীভাবে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করব; কোথা থেকে এবং কীভাবে তা পাব।’বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলের কাছ থেকে কার্যকর ও সুস্পষ্ট পরিকল্পনা প্রত্যাশা করেন তিনি। রিজভী বলেন, সংসদে বিরোধী দলের কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে।সরকারের সমালোচনা করা এবং সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি পালন গণতান্ত্রিক ব্যবস্থার অংশ উল্লেখ করে তিনি বলেন, দেশের সংকটময় সময়ে গঠনমূলক পরামর্শ দেওয়াও বিরোধী দলের দায়িত্ব।‘অচলাবস্থা তৈরি করা সমীচীন নয়’রুহুল কবির রিজভী বলেন, পরিকল্পিতভাবে কোনো ধরনের অচলাবস্থা সৃষ্টি করা ঠিক হবে না। সংকট থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, সে বিষয়ে পথ দেখাতে হবে।অতীতের ভুল নীতি আবার প্রয়োগ করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেন তিনি।যুদ্ধ পরিস্থিতির প্রভাবগ্যাস ও বিদ্যুতের সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রিজভী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।এর প্রভাবে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যা হচ্ছে বলে জানান তিনি। এই সংকট শুধু সরকারের কোনো একক সিদ্ধান্ত বা কর্মকাণ্ডের কারণে সৃষ্টি হয়নি বলেও দাবি করেন বিএনপির এই নেতা।জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার প্রশংসাজুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথাও স্মরণ করেন রিজভী। তিনি বলেন, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল।বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে। আলোচনা শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর