ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
City News

মাছপাড়া রেলস্টেশনে যাত্রীসেবায় বাড়ছে দুর্ভোগ

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। নিচু প্ল্যাটফর্ম, অযত্নে পড়ে থাকা স্টেশন ভবন, অপর্যাপ্ত যাত্রীসেবা এবং আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দুর্ভোগে পড়ছেন স্থানীয় যাত্রীরা।মাছপাড়া ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতে রেল গুরুত্বপূর্ণ ও তুলনামূলক সাশ্রয়ী মাধ্যম। স্টেশনটিতে নকশীকাঁথা কমিউটার ট্রেন থামলেও এতে আসন বরাদ্দ নেই। ফলে অনেক যাত্রীকে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ক্ষেত্রে ভোগান্তি আরও বেশি।স্থানীয় সাংবাদিক ফরিদুল আলম ফরিদ বলেন, ট্রেনের দরজা ও প্ল্যাটফর্মের উচ্চতার মধ্যে ব্যবধান থাকায় যাত্রীদের ওঠানামায় ঝুঁকি রয়েছে। পাশাপাশি স্টেশনে পর্যাপ্ত আগাম ঘোষণা ও আধুনিক যাত্রী তথ্যব্যবস্থা না থাকায় ট্রেনের সময় ও চলাচল নিয়ে অনেক সময় যাত্রীদের বিভ্রান্ত হতে হয়।স্থানীয়দের দাবি, মাছপাড়া রেলস্টেশন দ্রুত সংস্কার ও আধুনিকায়ন করা প্রয়োজন। একই সঙ্গে নিরাপদ ও উঁচু প্ল্যাটফর্ম নির্মাণ, নকশীকাঁথা কমিউটার ট্রেনে আসন বরাদ্দ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবি জানিয়েছেন তাঁরা।তাঁদের মতে, এসব ব্যবস্থা চালু হলে মাছপাড়া ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষের রেলযাত্রায় ভোগান্তি কমবে এবং যাত্রীসেবার মানও উন্নত হবে।

মাছপাড়া রেলস্টেশনে যাত্রীসেবায় বাড়ছে দুর্ভোগ