ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
City News

আগামী সপ্তাহেই পুলিশের আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহেই আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে নতুন এই ইউনিট পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এ ধরনের পদ না থাকলে সেটি নতুন করে সৃষ্টি করা হবে।নতুন ইউনিটের কার্যক্রম মেট্রো, বিভাগ ও জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত থাকবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। থানা ও জেলা পর্যায়ের ইউনিটগুলোতে আধুনিক যন্ত্রপাতি রাখা হবে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় আকারের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা ব্যবস্থা গড়ে তোলা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের প্রকল্প প্রণয়নের জন্য কয়েক সপ্তাহ আগেই নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিষয় জটিল, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে আসা হবে। আর যেসব বিষয়ে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব, সেগুলো সেখানেই করা হবে।সাইবার স্পেসকে ঘিরে অপরাধ এখন আধুনিক অপরাধপ্রবণতার একটি বৈশিষ্ট্য হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত অপরাধ সাইবার বা স্ক্যামভিত্তিক হচ্ছে। এ কারণে বাংলাদেশেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হচ্ছে।অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী সপ্তাহেই পুলিশের আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট