লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী একটি বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বাসটির অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুরা বেগম, চন্দ্রগঞ্জের বাবুল ও রামগতির আশিক।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে বৃদ্ধ আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগমও রয়েছেন। মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাঁকে গতি কমানোর জন্য বারবার নিষেধ করলেও তিনি তা শোনেননি। একপর্যায়ে বাসটি সড়কে উল্টে যায়।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসটি চরচামিতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। আহত অবস্থায় আরও অন্তত ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।