ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
City News

নুসরাত হত্যা: হাইকোর্টের রায়ে সন্তুষ্ট মা, পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল এবং চারজনের সাজা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন তিনি।সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।নুসরাতের মা বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের দেওয়া রায়ে তারা সন্তুষ্ট। তবে রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা না থাকলেও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।নিরাপত্তার বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, রোববার থেকেই সোনাগাজী পুলিশের একটি দল ও গোয়েন্দা শাখার একটি দল নিরাপত্তার জন্য নুসরাতের বাড়িতে অবস্থান করছে।২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাদে নুসরাত জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নিম্ন আদালত ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছিল। পরবর্তী সময়ে মামলাটি হাইকোর্টে আসে এবং সোমবার আদালত দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার পাশাপাশি চারজনের সাজা যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করেন।

নুসরাত হত্যা: হাইকোর্টের রায়ে সন্তুষ্ট মা, পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ