রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। নিচু প্ল্যাটফর্ম, অযত্নে পড়ে থাকা স্টেশন ভবন, অপর্যাপ্ত যাত্রীসেবা এবং আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দুর্ভোগে পড়ছেন স্থানীয় যাত্রীরা।
মাছপাড়া ইউনিয়ন
ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতে রেল গুরুত্বপূর্ণ ও
তুলনামূলক সাশ্রয়ী মাধ্যম। স্টেশনটিতে নকশীকাঁথা কমিউটার ট্রেন থামলেও এতে আসন বরাদ্দ
নেই। ফলে অনেক যাত্রীকে
দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। নারী,
শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের
ক্ষেত্রে ভোগান্তি আরও বেশি।
স্থানীয় সাংবাদিক
ফরিদুল আলম ফরিদ বলেন,
ট্রেনের দরজা ও প্ল্যাটফর্মের
উচ্চতার মধ্যে ব্যবধান থাকায় যাত্রীদের ওঠানামায় ঝুঁকি রয়েছে। পাশাপাশি স্টেশনে পর্যাপ্ত আগাম ঘোষণা ও
আধুনিক যাত্রী তথ্যব্যবস্থা না থাকায় ট্রেনের
সময় ও চলাচল নিয়ে
অনেক সময় যাত্রীদের বিভ্রান্ত
হতে হয়।
স্থানীয়দের দাবি,
মাছপাড়া রেলস্টেশন দ্রুত সংস্কার ও আধুনিকায়ন করা
প্রয়োজন। একই সঙ্গে নিরাপদ
ও উঁচু প্ল্যাটফর্ম নির্মাণ,
নকশীকাঁথা কমিউটার ট্রেনে আসন বরাদ্দ এবং
গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
তাঁদের মতে, এসব ব্যবস্থা চালু হলে মাছপাড়া ইউনিয়ন ও আশপাশের এলাকার মানুষের রেলযাত্রায় ভোগান্তি কমবে এবং যাত্রীসেবার মানও উন্নত হবে।