ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার কিংবা কল্পনা দত্তের নাম পরিচিত। কিন্তু তাঁদের অনেক আগে, ১৮৫৭ সালে চট্টগ্রামে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন হাবিলদার রজব আলী খাঁ। ব্রিটিশবিরোধী সংগ্রামে তাঁর সাহসী ভূমিকা থাকলেও ইতিহাসের পাতায় তিনি অনেকটাই উপেক্ষিত। নতুন প্রজন্মের বড় একটি অংশই জানে না এই বিপ্লবীর নাম।
একসময়
চট্টগ্রামের জেল রোডের নাম
ছিল হাবিলদার রজব আলী সড়ক।
সময়ের ব্যবধানে নামটি পরিবর্তিত হয়ে এখন জেল
রোড। যে শহরের মাটিতে
দাঁড়িয়ে তিনি ব্রিটিশ শাসনের
বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়েছিলেন, সেই শহরেই আজ
তাঁর স্মৃতি সংরক্ষণে দৃশ্যমান উদ্যোগের অভাব রয়েছে।
১৮৫৭
সালে
চট্টগ্রামে বিদ্রোহের সূচনা
হাবিলদার
রজব আলী খাঁ ছিলেন
চট্টগ্রামের বাসিন্দা। তিনি ব্রিটিশ সেনাবাহিনীর
৩৪ নম্বর দেশীয় বেঙ্গল পদাতিক বাহিনীতে কর্মরত ছিলেন। ক্যাপ্টেন পিএইচকে ডিউলের অধীনে চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডের সেনানিবাসে তাঁর অবস্থান ছিল।
১৮৫৭
সালের ১৮ নভেম্বর রাতে
সিপাহি বিদ্রোহের সময় রজব আলীর
নেতৃত্বে চট্টগ্রামের সিপাহিরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ওই
দিন বর্তমান চকবাজারের প্যারেড ময়দান থেকে তাঁরা ব্রিটিশদের
বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেন বলে বিভিন্ন
ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে।
বিদ্রোহীরা
চট্টগ্রাম কারাগারে আক্রমণ চালিয়ে বন্দীদের মুক্ত করেন। একই সঙ্গে অস্ত্রাগার
থেকে অস্ত্র সংগ্রহ করে ব্রিটিশ বাহিনীর
বিরুদ্ধে লড়াইয়ে নামেন। তাঁদের আক্রমণে আতঙ্কিত হয়ে ব্রিটিশ কর্মকর্তাদের
একটি অংশ শহর ছেড়ে
বঙ্গোপসাগরে আশ্রয় নেয় বলে বর্ণনায়
পাওয়া যায়। এ সময়
প্রায় ৩০ ঘণ্টা চট্টগ্রাম
ব্রিটিশ শাসনের নিয়ন্ত্রণের বাইরে ছিল বলে দাবি
করা হয়।
হাতি
নিয়ে
ঢাকা
অভিমুখে যাত্রা
বিদ্রোহের
পর ১৯ নভেম্বর রাতে
রজব আলী ও তাঁর
সহযোগীরা চট্টগ্রাম পিলখানা থেকে হাতি নিয়ে
অস্ত্রশস্ত্রসহ ঢাকার উদ্দেশে রওনা হন। ব্রিটিশ
বাহিনীর নজর এড়াতে তাঁরা
দুর্গম পাহাড়ি পথ ধরে ত্রিপুরা
হয়ে যাওয়ার পরিকল্পনা করেন।
ফেনী
নদী পার হয়ে তাঁরা
ত্রিপুরা সীমান্তের দিকে অগ্রসর হন।
কিন্তু বিদ্রোহীদের গতিবিধির খবর আগেই চট্টগ্রামের
কমিশনার ত্রিপুরার রাজার কাছে পৌঁছে দিয়েছিলেন।
ব্রিটিশদের সহযোগিতায় ত্রিপুরার রাজা বিদ্রোহীদের প্রতিহত
করার প্রস্তুতি নেন।
২
ডিসেম্বর বিদ্রোহীরা ত্রিপুরায় প্রবেশের পথে পৌঁছে দেখতে
পান, তাঁদের বাধা দিতে বিপুলসংখ্যক
সশস্ত্র সেনা প্রস্তুত রয়েছে।
ফলে তাঁরা কুমিল্লার পাহাড়ি এলাকার দিকে অগ্রসর হন।
এ সময় ত্রিপুরার বাহিনী
তাঁদের ওপর আক্রমণ চালায়।
পাহাড়ে পাহাড়ে ব্রিটিশ বাহিনীর সঙ্গে
লড়াই
ত্রিপুরার
বাধা অতিক্রম করে বিদ্রোহীরা দুর্গম
পথ ধরে সিলেটের দিকে
এগিয়ে যান। সেখানে সীমান্তবর্তী
এলাকায় মেজর বাইংয়ের নেতৃত্বাধীন
ব্রিটিশ বাহিনীর সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। তীব্র লড়াইয়ে
মেজর বাইং নিহত হন
এবং তাঁর অধীন বাহিনী
পরাজিত হয় বলে ঐতিহাসিক
বর্ণনায় উল্লেখ রয়েছে।
এরপর
ব্রিটিশ ও স্থানীয় বাহিনীর
সঙ্গে বিদ্রোহীদের একাধিক খণ্ডযুদ্ধ হয়। এসব সংঘর্ষে
বিদ্রোহী দলের অনেক সদস্য
হতাহত হন। শেষ পর্যন্ত
তাঁরা পার্বত্য অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হন।
হাবিলদার
রজব আলীর নেতৃত্বাধীন বাহিনীর
শেষ দিকের উল্লেখযোগ্য সংঘর্ষ হয় সিলেটের করিমগঞ্জের
মালগ্রাম এলাকায়। বিদ্রোহীরা পাহাড়ি পথ পেরিয়ে মোহনপুর
চা-বাগানের কাছে অবস্থান নেন।
স্থানীয় জমিদারদের মাধ্যমে তাঁদের অবস্থানের খবর ব্রিটিশ বাহিনীর
কাছে পৌঁছে যায়। পরে লেফটেন্যান্ট
রসের নেতৃত্বে বিদ্রোহীদের ওপর অতর্কিত হামলা
চালানো হয়।
১৮৫৮
সালের ৯ জানুয়ারি সিলেটের
মনিপুর এলাকায় ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে বিদ্রোহীরা পরাজিত হন। এর মধ্য
দিয়ে চট্টগ্রামের সিপাহি বিদ্রোহের অবসান ঘটে। ওই সংঘর্ষ
ও পরবর্তী অভিযানে প্রায় ৭০ জন বিদ্রোহী
সিপাহি নিহত হন বলে
বর্ণনায় উল্লেখ রয়েছে।
রজব
আলীর
শেষ
পরিণতি আজও
রহস্য
বিদ্রোহী
বাহিনীর অধিকাংশ সদস্য নিহত হলেও হাবিলদার
রজব আলীসহ তিন-চারজন সিপাহি
শেষ পর্যন্ত বেঁচে যান বলে জানা
যায়। ব্রিটিশ বাহিনীর ধারাবাহিক অনুসরণের মুখে তাঁরা গভীর
জঙ্গলে আত্মগোপন করেন।
ব্রিটিশ
বাহিনীর চূড়ান্ত প্রতিবেদনে তাঁদের আর খুঁজে পাওয়া
যায়নি বলে উল্লেখ করা
হয়েছিল। এরপর রজব আলীর
জীবনের পরিণতি সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া
যায়নি। তিনি কোথায় গিয়েছিলেন,
কত দিন বেঁচে ছিলেন
কিংবা কোথায় তাঁর মৃত্যু হয়েছিল এসব প্রশ্নের উত্তর
আজও অজানা।
স্মৃতি সংরক্ষণে নেই
দৃশ্যমান উদ্যোগ
চট্টগ্রামের
ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও হাবিলদার রজব আলীর স্মৃতি
সংরক্ষণে উল্লেখযোগ্য উদ্যোগ দেখা যায় না।
একসময় তাঁর নামে পরিচিত
জেল রোডের নাম পরিবর্তন হয়ে
গেছে। স্থানীয়ভাবে আবারও সড়কটির নাম হাবিলদার রজব
আলীর নামে ফিরিয়ে আনার
দাবি উঠেছিল। একই সঙ্গে যে
চকবাজারের প্যারেড ময়দান থেকে তিনি বিদ্রোহের
নেতৃত্ব দিয়েছিলেন, সেটির নাম ‘হাবিলদার রজব
আলী স্কয়ার’ করার প্রস্তাবও রয়েছে।
ঐতিহাসিকদের
বর্ণনা অনুযায়ী, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
প্রাঙ্গণে রজব আলীর অনেক
সহযোগীকে সমাহিত করা হয়েছিল। তবে
সময়ের ব্যবধানে সেই সমাধির চিহ্নও
হারিয়ে গেছে।
ভারতে
সংরক্ষিত বিদ্রোহীদের স্মৃতি
বাংলাদেশে
রজব আলী ও তাঁর
সহযোগীদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগের অভাব থাকলেও ভারতের
আসামে তাঁদের স্মরণে স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে।
ঐতিহাসিক
বর্ণনা অনুযায়ী, করিমগঞ্জের মালেগড় টিলায় ১৮৫৭ সালের বিদ্রোহে
নিহত সিপাহিদের সমাহিত করা হয়েছিল। সেখানে
আসাম সরকার একটি ওয়ার মেমোরিয়াল
নির্মাণ করেছে। স্থানীয় বিভিন্ন সংগঠন প্রতিবছর ১৮ ডিসেম্বর মালেগড়
মেমোরিয়ালে হাবিলদার রজব আলী ও
তাঁর সহযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে।
চট্টগ্রামের
ইতিহাসে ব্রিটিশবিরোধী আন্দোলনের সূচনা শুধু ১৯৩০ সালের
সূর্য সেন ও প্রীতিলতার
সশস্ত্র বিপ্লবের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর বহু
আগে, ১৮৫৭ সালে রজব
আলী খাঁর নেতৃত্বে সংঘটিত
সিপাহি বিদ্রোহও এই অঞ্চলের প্রতিরোধের
ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করা এই বিপ্লবীর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁর স্মৃতি সংরক্ষণ করা এখন সময়ের দাবি। ইতিহাসের আড়ালে হারিয়ে যাওয়া হাবিলদার রজব আলী খাঁকে যথাযথ মর্যাদায় স্মরণ করার মধ্য দিয়েই তাঁর আত্মত্যাগের ইতিহাস নতুন করে সামনে আসতে পারে।