প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গেছেন তারেক রহমান। রোববার সকাল সোয়া ৯টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর
বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী
হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।
এরপর কিশোরগঞ্জে এটিই তাঁর প্রথম
সফর।
দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা
রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের শুরুতেই সকাল সাড়ে ১১টায়
পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র
নদে পোনা অবমুক্ত করবেন
তিনি। সেখানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন।
দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী
কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১টায়
আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি
স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধন
ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে
যোগ দেবেন।
সফরের পরবর্তী কর্মসূচি রয়েছে শোলাকিয়া ঈদগাহ মাঠে। বেলা আড়াইটায় সেখানে
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান।
এরপর বিকেল সোয়া
৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ করবেন তিনি। বিকেল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ
স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। একই
অনুষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কিশোরগঞ্জে স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।