নরসিংদীর বেলাব ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি আইপিএস (ইনভার্টার) দিয়েছে বাদশা সাইফান আলী ফাউন্ডেশন। বিদ্যুৎ–সংক্রান্ত সমস্যার কারণে বিদ্যালয়ের পাঠদান ও অন্যান্য কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য এই সহায়তা দেওয়া হয়েছে।
বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কায়েস আহমেদ সেলিমের পক্ষ থেকে তাঁর বাবা মো. হযরত আলী সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে আইপিএসটি তুলে দেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজেদুর রাহমান রাহাত, সহসভাপতি রাসেল আহমেদ ভুলু, বেলাব উপজেলা যুবদলের সভাপতি মো. আখতারুজ্জামান এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে মো. হযরত আলী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। বিদ্যালয়ের প্রয়োজনের বিষয়টি বিবেচনা করেই আইপিএস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি করা সম্ভব।